প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2026 ইং
চার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুরস্কৃত ওসি মাহবুব

নওগাঁ প্রতিনিধি: আল আমিন
নওগাঁর নিয়ামতপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার (১৯ মে) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ দমন বিষয়ক সভা শেষে পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে দুই সন্তানসহ এক দম্পতিকে নির্মমভাবে হত্যা করা হয়। গত ২০ এপ্রিল দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন ও সফল অভিযানের স্বীকৃতি হিসেবে ওসি মাহবুবুর রহমানকে এ বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি মাহবুবুর রহমান বলেন, “ভালো কাজের স্বীকৃতি সবসময়ই অনুপ্রেরণা জোগায়। এজন্য পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, নিয়ামতপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ কাজে তিনি উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
© দৈনিক চেতনার কন্ঠ